রায়পুরে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা

রায়পুর  প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবগা গ্রামে নাছরিন আক্তার (২১) নামে এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ সোমবার রাতে তার স্বামী লিটনকে গ্রেফতার করেছে।
জানা যায়, উপজেলার সোনাপুরের চরবগা গ্রামের আলাবক্স হাজি বাড়ির আয়াত উল্যার ছেলে লিটন প্রায় ৭-৮ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বালিপুরা গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে নাছরিনকে প্রেম করে বিয়ে করে। তাদের সংসারে দু'ছেলে রয়েছে। বিয়ের পর থেকে পারিবারিক কারণে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো লিটনের। সর্বশেষ ২৯ মার্চ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী লিটন ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন নাছরিনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে ও পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। বোববার রাতে নাছরিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহতের মামা সোলেমান স্বামীসহ ৩ জনের নামে রায়পুর থানায় মামলা করেন। পুলিশ সোমবার রাতে স্বামী লিটনকে গ্রেফতার করে।
বাদী মোঃ সোলেমান জানান, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই তার ভাগি্নকে মারধর করত স্বামী লিটন। ছেলেদের কথা চিন্তা করে সে নির্যাতন সহ্য করে আসছিল। ঘটনার দিন লিটন বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লিটন নাছরিনের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। রায়পুর থানা হাজতে স্বামী লিটন জানায়, তার স্ত্রী পরকীয়ায় আসক্ত। এ নিয়ে তাকে সে বকাঝকা করে। এতে ক্ষিপ্ত হয়ে নিজে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালায়। আগুন নেভাতে গিয়ে তিনিও অগি্নদগ্ধ হন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সৈয়দ জাকির হোসেন জানান, স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঘাতক স্বামীকে আদালতে পাঠানো হয়েছে।