প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ড্রেস কোড হচ্ছে

বিডিনিউজ:  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নির্দিষ্ট রঙের পোশাক বাধ্যতামূলক করা হচ্ছে। এক্ষেত্রে পুরুষদের জন্য পছন্দের তালিকায় রয়েছে সাদা শার্টের সঙ্গে কালো অথবা নেভি বল্গু রঙের প্যান্ট। তবে জুতার ক্ষেত্রে স্বাধীনতা পাবেন তারা। গতকাল রোববার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন এ তথ্য জানিয়ে বলেন, শিগগির এ সংক্রান্ত নির্দেশনা চূড়ান্ত করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে নারীদের জন্য কী রঙের শাড়ি বাধ্যতামূলক করা হবে তা চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। সরকারি-বেসরকারিসহ সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ড্রেস কোড নির্ধারণের কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ গিয়াস উদ্দিন আহমেদ বলেন, শিশুরা বাবা-মায়ের পরই শিক্ষকদের অনুকরণ করে; কিন্তু অনেক শিক্ষকই পরিপাটি পোশাকে বিদ্যালয়ে আসেন না। তাই তাদের জন্য ড্রেস কোড নির্ধারণ করা হচ্ছে। ড্রেস কোড অমান্যকারী শিক্ষকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অবশ্য ড্রেস কোড নির্ধারণ করা হলে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের পোশাক কেনার টাকা দেওয়া হবে কি-না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান যুগ্ম সচিব। তিনি বলেন, আপাতত সিদ্ধান্ত হয়েছে ড্রেস কোডের নির্দিষ্ট পোশাক কেনার টাকা শিক্ষকদেরই বহন করতে হবে। তবে আরও আলোচনা-পর্যালোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ড্রেস কোডে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের জন্য একই ধরনের পোশাক নির্দিষ্ট থাকবে জানিয়ে গিয়াস উদ্দিন বলেন, ড্রেস কোডে কোন রঙের পোশাক রাখা হবে তা নির্দিষ্ট করা না হলেও কোনো শিক্ষক গেঞ্জি পরে বিদ্যালয়ে আসতে পারবেন না_ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।