রাত জেগে পাহারা! রায়পুরে সর্বত্র ডাকাত আতংক

রায়পুর, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ডাকাত আতংক বিরাজ করছে। গত ৫ দিন ধরে প্রবাসী সহ ৪ বাড়িতে ও ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। এ সময় মুখোশধারী ডাকাতদল পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ ২২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা সহ ৭জন আহত হয়। তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে। একের পর এক ডাকাতি ঘটনায় গ্রামবাসী উদ্বিগ্ন হয়ে পড়ছে। কেরোয়া, বামনী, সোনাপুর ও রায়পুর ইউনিয়নের কিছু এলাকার বাসিন্দাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তবে কয়েকটি ইউনিয়নে এলাকাবাসী স্ব উদ্যোগে রাত জেগে ডাকাত পাহারা দিচ্ছেন।
    স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, একের পর এক ডাকাতির ঘটনায় পুলিশের ভূমিকা রহস্যজনক। অধিকাংশ ঘটনায় থানার কোন মামলা হয়নি। পুলিশ লুন্ঠিত মালামাল ও কোন ডাকাতকে আটক করতে পারেনি। অবস্থাদৃষ্টে মনে হ্েচ্ছ পুলিশও ঘুমে! তবে থানা পুলিশ বলেছেন, ডাকাতদের বিরুদ্ধে অভিযান চলছে। উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই।
    সুত্রমতে, ১৮ মার্চ রবিবার দিবাগত রাতে উপজেলার কেরোয়া প্লাজায় ডাকাতদল হোসেন ষ্টোর, আল আমিন টেলিকম, সজিব কনফেকশনারী, মনির মুদি দোকান ও আজিজ ষ্টোরের শার্টার ও তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ টাকা, সিগারেট, মোবাইল, স্ক্যাচ কার্ডসহ অন্যান্য মালামাল সহ লক্ষাধিক টাকা লুটে নিয়ে যায়। ঘটনার সময় মার্কেটের পাহারাদার ও দোকানগুলোর ভিতরে কেউ ছিলনা।
    ১৭ মার্চ শনিবার দিনগত রাতে বামনী ইউনিয়নের খায়ের হাট এলাকার বোরহান উদ্দিন ভূঁইয়ার ঘরে ডাকাতদল দরজা ভেঙ্গে হানা দেয়। এ সময় ঘরে রক্ষিত ৯০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ ও ৩টি মোবাইল সেট সহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। পরিবারের সদস্যদের মুখে টেপ লাগিয়ে এ ডাকাতির ঘটনা ঘটায়।
    ১৬ মার্চ শুক্রবার রাতে ১০নং রায়পুর ইউনিয়নের চরপলোয়ান গ্রামের প্রবাসী শাহজাহান হাওলাদারের বিল্ডিংয়ের কাঠের দরজা ভেঙ্গে ডাকাতরা ঘরের ভেতর ঢোকে। মুখোশধারী সশস্ত্র ডাকাতরা আবদুল বারেক (৪৫) সহ পরিবারের সদস্যদের হাত পা রশি দিয়ে বেঁধে মুখে টেপ এঁটে দেয়। এসময় নগদ ২৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ ও মোবাইল ফোন সহ তিন লক্ষাধিক টাকার মালামল নিয়ে যায়।
    ১৪ মার্চ বুধবার রাতে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুন মানছন পাটওয়ারী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিনের বিল্ডিংয়ের কাঠের দরজা ভেঙ্গে ১০/১২ জনের ডাকাত দল ১৫ ভরি স্বর্ণ, নগদ চার লাখ টাকা, ৫টি মোবাইল ফোন সহ নিয়ে যায়। এসময় গৃহকর্তা রুহুল আমিন তার ছেলে মাহমুদুর রহমান পলাশকে মারধর করে। একই সময় তারা সলিম উদ্দিন মিঝি বাড়ির আলী আকবরের বিল্ডিং এ ঢোকে ৫ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন সহ নিয়ে যায়। ডাকাতরা আলী আকবর ও তার ছেলে ফরহাদ ও জাফরকে মারধর করে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় ডাকাতরা দুই পারিবারের ১৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
    খোঁজ নিয়ে জানাযায়, গত ৪/৫ মাসে কেরোয়া, বামনী, সোনাপুর, চর আবাবিল, চরলক্ষী, চরপাতা ও চরমোহনা ইউনিয়নে বেশ কিছু ডাকাতির ঘটনা সংঘঠিত হয়। এতে আতংকিত হয়ে পড়ে স্ব স্ব এলাকার লোকজন। এ নিয়ে নিত্য উদ্যোগে লোকজন গত একমাস ধরে রাত জেগে বামনী, সোনাপুর ও চরমোহনা ইউনিয়নে পাহারা দিচ্ছে।
    কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নাজমূল হুদা জানান, ডাকাতির ঘটনায় তারা উদ্বিগ্ন। কমিউনিটি পুলিশ দীর্ঘদিন ধরে পাহারা দিলেও এখন তাদের কার্যক্রম নেই। ইউনিয়ন আয়তনে বড় হওয়ায় বিপাকে পড়তে হয় গ্রাম পুলিশদের। এক রাস্তায় পাহারায় গেলে অন্য রাস্তায় ডাকাতির ঘটনা ঘটে।
    এ ব্যাপারে বামনী ইউনিয়রে চেয়ারম্যান সালেহ্ আহমেদ বলেন, এলাকায় ডাকাতি ঠেকাতে প্রত্যেক ওয়ার্ডের মেম্বারদের সভাপতি করে চৌকিদার ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয় ওয়ার্ড ভিত্তিক ১০ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। তারা গত এক মাস থেকে প্রতিরাতে পাহারা দিয়ে আসছে।
    এব্যাপারে যোগাযোগ করা হলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, ডাকাতি রোধে ইতিমধ্যে তিনটি ইউনিয়নে এলাকাবাসী ও কমিউনিটি পুলিশের সমন্বয়ে কমিটি করা হয়েছে। ওই কমিটির নেতৃবৃন্দ সমন্বয় করে রাতে এলাকার লোকজন দিয়ে পালাক্রমে পাহারা দেয়াচ্ছেন। তাছাড়া রাতে পুলিশ টহলও জোরদার করা হয়েছে।
   


--
# আতোয়ার রহমান মনির,সমকাল, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।
রায়পুর নিউজ নেটওয়ার্ক_সম্পাদক, রায়পুর, লক্ষ্মীপুর।
মোবাইল : ০১৮১৫৩২২০০৯
            ০১৭১৫৩২২০০৯
ইমেইল  : atoarmonir@gamil.com
           moniratoar@yahoo.com
Web      : www.raipurnews.co.cc
              : www.samakal.net
              : www.123radio.net
Yahoo ID: moniratoar
Gmail ID : atoarmonir
Facbeook: www.facebook.com/atoarmonir<http://www.blogger.com/www.facebook.com/atoarmonir>
Nimbuzz : atoarmonir
Ovi Mail  : atoarmonir