লক্ষ্মীপুরে দুর্নীতিগ্রস্ত দলিল লেখকদের সনদ বাতিল দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি,লক্ষ্মীপুর জেলা সাব-রেজিস্ট্রি অফিসের একাধিক দলিল লেখকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনে রোববার দলিল লেখক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা সমিতির নেতৃবৃন্দ অভিযুক্ত দলিল লেখকদের অবিলম্বে সনদপত্র বাতিলের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুমকিও দেন তারা। সংবাদ সম্মেলনে জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাছান আহম্মদ তার লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে জেলা সদর অফিসের দলিল লেখক রুহুল আমিন শিকদার, মনির আহমদ হারুন, হোসেন আহমদ ও জামাল উদ্দিন সমিতির নিয়ম- কানুন ভঙ্গ করে সাধারণ মানুষের সঙ্গে জালিয়াতি করে জমি রেজিস্ট্রি করার কারণে অফিস ও দলিল লেখকদের মান ক্ষুণ্ন হচ্ছে। এ সময় সমিতির জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, রুহুল আমিন, নাসির উদ্দিন, বেলায়েত হোসেন, আবু তাহেরসহ প্রায় শতাধিক দলিল লেখক উপস্থিত ছিলেন।