লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাল ফেলাকে কেন্দ্র করে সোমবার দুপুরে কোস্টগার্ড ও জেলেদের মধ্যে সংঘর্ষ হয়েছে।এতে গুলিবিদ্ধ হয়ে নারীসহ ১৪ জন আহত হয়েছে। আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হচ্ছেন কমলনগর উপজেলার লুধুয়া ফলকন গ্রামের মোঃ মোস্তফা, আমির হোসেন, আব্বাস, রুবেল, নুরুল আমিন মাঝি, মোসলেহ উদ্দিন, মাহফুজ, মাকসুদ, আলাউদ্দিন, তছির আহমেদ, কোস্টগার্ডের বোটম্যান সিরাজ, ফাতেমা, কুলছুম ও জেসমিন বেগম।কমলনগর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল বারাকাত দুলাল, কমলনগরের ইউএনও এসএম নাজিম উদ্দিন, ওসি মোঃ এনামুল হক খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পুলিশ, কোস্টগার্ড ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কোস্টগার্ড সদস্যরা দুপুরে মেঘনা নদীর লুধুয়া মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে কিছু জাল আটক করে। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে জেলেরা লাঠিসোটা নিয়ে কোস্টগার্ড সদস্যদের ওপর হামলা চালায়।
কোস্টগার্ড স্থানীয় মতিরহাট কন্টিনজেন্ট কমান্ডার সৈয়দ এনায়েত হোসেন ঘটনাস্থল থেকে জানান, স্থানীয় মাছঘাটের কথিত দাদন ব্যবসায়ী শিবলী তালুকদার, আকতার ও মোসলেমের নেতৃত্বে দেড় শতাধিক লোক কোস্টগার্ড সদস্যদের ওপর হামলা করে। আত্মরক্ষায় কোস্টগার্ড সদস্যরা ৬০ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় জেলে পক্ষের লোকজনও গুলি ছোড়ে। বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় কোস্টগার্ড সদস্যরা রক্ষা পায় বলে তিনি জানান।
কমলনগর থানার ওসি মোঃ এনামুল হক খান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।
