লক্ষ্মীপুর প্রতিনিধি , লক্ষ্মীপুরে পুলিশ সুপার জমসের আলী সাংবাদিকদের
সঙ্গে মতবিনিময়কালে পুলিশের পক্ষে সাফাই গাইতে গিয়ে সাংবাদিকদের তোপের
মুখে পড়েন।
জানা যায়, পুলিশ সুপার জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে শনিবার রাত ৯টার
দিকে তার কার্যালয়ে মতবিনিময় সভা আহ্বান করেন। এ সময় তিনি গত ২৯ জানুয়ারি
লক্ষ্মীপুরে চারদলীয় জোটের বিক্ষোভ ও গণমিছিলে সংঘর্ষে নিহত আবুল কাসেম ও
রুবেল হোসেন পুলিশের গুলিতে মারা যায়নি বলে সাংবাদিকদের জানান। পুলিশ
আত্মরক্ষার্থে গুলি ছুড়েছে এবং এ গুলিতে কেউ হতাহত হয়নি। তিনি দাবি করেন,
চারদলীয় জোটের মিছিলে কিছু দৃষ্কৃতিকারী ছিল। তাদের গুলিতে হয়তো ওই দুই
দুই ব্যক্তি মারা যায় এবং ময়নাতদন্তের রিপোর্টের আলোকে তিনি বলেন,
পুলিশের গুলিতে আবুল কাসেম ও রুবেল মারা যায়নি।
এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা পুলিশ সুপারকে
প্রশ্ন করেন, গত ২৯ জানুয়ারি লক্ষ্মীপুরে ওই সংঘর্ষের ঘটনায় পরের দিন যে
পুলিশ বিভাগীয় তদন্ত হয়েছে তা ছিল সাজানো নাটক। তদন্তের নামে পুলিশ
বাস্তব ঘটনাটা আড়াল করতে চায়। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, অতিরিক্ত
ডিআইজি তদন্ত করতে এসে পুলিশ গুলি ছুড়েছে বলে সাংবাদিকদের জানান এবং
ওইদিন অতিরিক্ত ডিআইজি মিছিলে দৃষ্কৃতকারী ছিল এমন কথা বলেননি। এখন কেন
বলা হচ্ছে? পুলিশ সুপার সদুত্তর না দিয়ে ময়নাতদন্তের আলোকে মিছিলকারীদের
দায়ী করেছেন।
অপর এক সাংবাদিক প্রশ্ন করেন, সংঘর্ষে পুলিশ ছয়জন সাংবাদিককে হামলা করে
আহত করেছে। অতিরিক্ত ডিআইজির নির্দেশ সত্ত্বেও দায়ী পুলিশের বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়া হয়নি কেন? জবাবে পুলিশ সুপার জানান, তাদের বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার দু'তিন দিনের মধ্যে পুলিশের পক্ষ
থেকে কোনো প্রেস বিফ্রিং দেওয়া হয়নি। কিন্তু ঘটনার ২০ দিন পর কেন এখন
ব্রিফিং দেওয়া হচ্ছে_ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান,
আসলে এটা ব্রিফিং নয়, মতবিনিময় সভা। সাংবাদিকরা জানতে চান ওইদিন বিএনপির
মিছিল করার ওপর প্রশাসনিক কোনো নিষেধাজ্ঞা ছিল কি-না? জবাবে পুলিশ সুপার
বলেন_ না, তবে আমরা তাদের বলেছি সমাবেশ করা যাবে কিন্তু সমাবেশ করার নামে
তারা গণমিছিল করার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। তারা তা শুনেনি। অপর
এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি লক্ষ্মীপুরে আসার পর আজ পর্যন্ত
সাংবাদিকদের সঙ্গে কোনো ব্রিফিং করেননি, এমনকি কথাও বলেনি অনেকের সঙ্গে।
এখন কেন ব্রিফিং করার প্রয়োজন মনে করলেন? জবাবে তিনি বলেন, এখন থেকে কথা
হবে, ব্রিফিং হবে, পেছনের কথা সব ভুলে গিয়ে আসুন সামনের দিকে যাই।
লক্ষ্মীপুরে তোপের মুখে পুলিশ সুপার
