প্রখ্যাত চলচ্চিত্র ও নাট্যঅভিনেতা হুমায়ুন ফরিদী আর নেই

প্রখ্যাত চলচ্চিত্র ও নাট্যঅভিনেতা হুমায়ুন ফরিদী আর নেই। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ধানমণ্ডিস্থ তার মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয় এই অভিনেতা সম্প্রতি রাজধানীর ধানমণ্ডির মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঠিকমতো খাওয়া-দাওয়া না করা এবং কম ঘুমানোর কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে তার দেহের ওজন কমে যায়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও হ্রাস পায়। এ কারণে তাকে কয়েক ব্যাগ রক্ত দিতে হয়েছে।
চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে এবং নিজের শরীরের প্রতি আরো যতœবান হওয়ার পরামর্শ দিয়েছিলেন।
১৯৫২ সালের ২৯ মে ঢাকায় জন্মগ্রহণ করেন ফরিদী। পড়ালেখা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। তার অভিনয় জীবনের শুরু মঞ্চ নাটক দিয়ে। পরে অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন।মঞ্চ, টেলিভিশন ও সিনেমায় আলোড়ন তোলা এই অভিনেতা অসাধারণ সব অভিনয়ের মাধ্যমে খ্যাতির তুঙ্গে ছিলেন। কয়েক দশকের কর্মময় জীবনে তিনি নায়ক, খল, পার্শ্বচরিত্রসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেন।কিংবদন্তি এই অভিনেতার উপস্থিতিতেই দর্শক-শ্রোতা খুঁজে পেতো একইসঙ্গে অনাবিল আনন্দ ও মুগ্ধতা।ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী সুবর্ণা মুস্তফার সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ ছিলেন। ২০০৮ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।
ফরীদি অভিনীত নাটকগুলোর মধ্যে আছে, নীল নকশাল সন্ধানে (১৯৮২), দূরবীন দিয়ে দেখুন (১৯৮২), ভাঙ্গনের শব্দ শুনি (১৯৮৩), ভবের হাট (২০০৭), শৃঙ্খল (২০১০) হঠাৎ একদিন, পাথর সময়, সংশপ্তক, সমুদ্রে গাংচিল, কাছের মানুষ, মোহন।
সংশপ্তক নাটকে ‘কান কাটা রমজান’ ফরীদি অভিনীত জনপ্রিয় চরিত্র।
তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে আছে, হুলিয়া, দহন, সন্ত্রাস, ব্যাচেলর, শ্যামল ছায়া, জয়যাত্রা, আহা! প্রভৃতি।