দাউদকান্দিতে সড়ক অবরোধ, ওসির অপসারণ দাবি

দাউদকান্দি প্রতিনিধিঃ সাবেক পৌর কমিশনার মিলন খন্দকারের হত্যার
প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের দাউদকান্দিতে অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীরা এ সময় গাফিলতির অভিযোগ এনে দাউদকান্দি থানার ওসি রতন কৃষ্ণ
নাথের অপসারণ দাবি করে।মহাসড়ক অবরোধ ও মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায়
বক্তব্য দেন তকদির খন্দকার, মিলন খন্দকারের স্ত্রী নুরুন্নাহার বেগম, ভাই
মিরাজ খন্দকার ও স্থানীয় নেতারা। সভায় বক্তারা তিন দিনের মধ্যে আসামিদের
গ্রেপ্তার এবং ওসি রতন কৃষ্ণ নাথকে প্রত্যাহার করা না হলে দাউদকান্দিতে
হরতালসহ কঠোর আন্দোলনের কথা বলেন। এদিকে মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজটের
সৃষ্টি হয়। মানববন্ধন শেষে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
আনোয়ারুল নাছেরের কাছে মিলন হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে একটি
স্মারকলিপি পেশ করা হয়। ইউএনও স্মারকলিপিটি গ্রহণ করেন। ইউএনও আনোয়ারুল
নাসের বলেন, হত্যাকারী যে-ই হোক, তাকে অবশ্যই আইনের আওতায় এনে আইনানুগ
ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ওসি রতন কৃষ্ণ নাথ
বলেন, 'হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। আমার ব্যাপারে যে
অভিযোগ আনা হচ্ছে তা ঠিক
নয়।'http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Antivirus&pub_no=722&cat_id=1&menu_id=56&news_type_id=1&index=7&archiev=yes&arch_date=06-12-2011