রায়পুর প্রতিনিধি ঃ রায়পুর উপজেলার কৃষকরা বোরো চাষের জন্য মাঠে নামলেও লোডশেডিংয়ের কারণে হতাশ। বিদ্যুৎ সংকটের কারণে চাহিদামতো সেচ দিতে না পারায় বোরো রোপণে জমি তৈরি করা অনিশ্চিত হয়ে পড়েছে। সে সঙ্গে বিদ্যুতের লুকোচুরিতে অনিশ্চিত হয়ে পড়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রাও। উপজেলার চরবংশী গ্রামের কৃষক আমানিয়া হাওলাদার জানান, এবার তিনি ৫ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। এ জমি তৈরিতে তার পানির প্রয়োজন ১০/১২ ঘণ্টা। লোডশেডিংয়ের কারণে ২/৩ ঘণ্টা পানি সেচের পর বিদ্যুৎ চলে যায়। ফিরে আসে ৪/৫ ঘণ্টা পর। এ দীর্ঘ সময়ে তার জমিতে দেওয়া পানি শুকিয়ে যায়। এতে করে পানি অপচয়ের পাশাপাশি খরচও বেড়ে যাচ্ছে। দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামের কৃষক কদম আলী ছৈয়াল জানান, বিদ্যুতের অভাবে সেচ সংকটের কারণে সময় মতো ধান রোপণ সম্ভব হচ্ছে না। একই কথা জানান মাহমুদুর রহমান, দেলোয়ার হোসেনসহ আরও অনেকে। রায়পুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার জানান, উপজেলার ১০টি ইউনিয়নে এবার ৬ হাজার ৪শ' হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জন করতে চাহিদা মতো বিদ্যুৎ প্রয়োজন। রায়পুর পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বলেন, জাতীয় গ্রিড থেকে ভোল্টেজ কম পাওয়া যাচ্ছে। এ নিয়ে আমাদের কিছু করার নেই।
Home » রায়পুর উপজেলা » রায়পুরে লোডশেডিংয়ে বোরো আবাদ ব্যাহত
রায়পুরে লোডশেডিংয়ে বোরো আবাদ ব্যাহত
বিষয়ঃ রায়পুর উপজেলা, রায়পুর উপজেলা
