চাঁদপুর ও লক্ষ্মীপুরে বিএনপির অর্ধদিবস হরতাল

চাঁদপুর/লক্ষ্মীপুর প্রতিনিধি
চাঁদপুর ও লক্ষ্মীপুরে রোববারের গণমিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের প্রতিবাদে আজ অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে দুটি জেলার বিএনপি। চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে সংবাদ সম্মেলনে এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবউদ্দীন সাবুর বাসভবনে এক দলীয় সভা থেকে হরতালের ঘোষণা দেওয়া হয়।
চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবনে সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক দাবি করেন, পুলিশের গুলিতে নিহত দু'জন আবুল হোসেন মৃধা (৫০) পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং অপরজন লিমন ছৈয়াল (২৫) ছাত্রদল কর্মী।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকসহ উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, পৌর বিএনপি সভাপতি অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, জেলা যুবদল সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি বিল্লাল হোসেন মিয়াজী, সদর আমির জাহাঙ্গীর আলম প্রমুখ। এদিকে লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবউদ্দীন সাবুর বাসভবনে রোববার বিকেলে এক দলীয় সভায় অর্ধদিবস হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় সাহাবউদ্দীন সাবুসহ জেলা বিএনপির সহসভাপতি মোঃ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান, মাঈনুদ্দিন চৌধুরী রিয়াজ, রেজাউল করিম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।