রায়পুরে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির টাকা লুট

রায়পুর প্রতিনিধি ঃ উপজেলায় ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজের টাকা লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে হতদরিদ্র নিয়ে ৪০ দিনের কর্মসূচিতে কাজে অংশ নেন ওই এলাকার ২২ জন পুরুষ ও নারী। কাজ শেষ করে তাদের ব্যাংক থেকে হায়দরগঞ্জ সোনালী ব্যাংক শাখায় ১৬ জানুয়ারি টাকা উত্তোলনে আসেন তারা। অভিযোগে জানা যায়, ৭নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেনের নেতৃত্বে হতদরিদ্ররা এ কর্মসূচিতে অংশ নেন। নিয়ম অনুসারে তারা ১৫শ' টাকা করে ব্যাংক থেকে উত্তোলন করে। টাকা তুলে নিয়ে যাওয়ার পথে তাদের মারধর করে জনপ্রতি এক হাজার টাকা করে আনোয়ার হোসেন মেম্বারসহ শাহাদাত চৌকিদার মিলে লুটে নেওয়ার অভিযোগ ওঠে। টাকা নেওয়ার কারণ জানতে গিয়ে কর্মসূচির শ্রমিক ইদ্রিস আলী চৈয়াল, আলিমের নেছা, মরনী বেগম, জাহানারা বেগম, মুর্শিদা বেগম, সাজেদা বেগম, জহুর আলী ইউপি মেম্বারের প্রহারে আহত হন। এ নিয়ে টাকা উত্তোলনের দাবিতে রোববার সকালে হতদরিদ্র শ্রমিকরা মোল্লার হাটের সড়ক অবরোধ করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে ৩ লাখ ৭১ হাজার টাকার ৪০ দিনের কর্মসূচি দেওয়া হয়। হতদরিদ্রদের কাজের বিষয়টি বিবেচনা করে সরকার তাদের এ কাজ দেন। ইউপি মেম্বার আনোয়ার হোসেন যে কাজটি করেছেন তা অন্যায়। লিখিত আকারে শ্রমিকদের কাছ থেকে অভিযোগ এলে ইউএনওর নেতৃত্বে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত স্থানীয় মেম্বার আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, মৌখিকভাবে কিছু শ্রমিক আমাকে না জানিয়ে টাকার দাবিতে তারা আন্দোলন করছে। বিষয়টি ঘটার দিন আমাকে জানালে তাদের টাকা উত্তোলনের ব্যবস্থা করে দেওয়া যেত। অনেক দিন পার হয়ে গেছে। এ মুহূর্তে ইউপি মেম্বার কর্তৃক আত্মসাৎকৃত টাকা ফেরত নেওয়া সম্ভব নয়।