লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারের
ব্যবসায়ী নোয়াব আলী গাজীকে (৪৮) দূর্বৃত্তরা তুলে নিয়ে আড়াই লাখ টাকা
ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রায়পুরের একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন
করে হায়দরগঞ্জ ফেরার পথে পুলিশ পরিচয়ে একদল দূর্বৃত্ত নতুন বাজার এলাকা
থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এসময় তাকে মারধর করে হাত, মুখ ও
চোখ বেধে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের দালাল বাজার এলাকায় অচেতন করে ফেলে
যায়। ৬ ঘন্টা পর মঙ্গলবার (৩ জানুয়ারী) রাত ৯টার দিকে অচেতন অবস্থায়
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর থানায় নিয়ে আসে। এনিয়ে বুধবার ওই
ব্যবসায়ী রায়পুর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।থানা
পুলিশ ও ক্ষতিগ্রস্থ ব্যক্তি জানায়, হাইমচর উপজেলার চরভৈরবীর পাড়াবগুড়া
গ্রামের নোয়াব আলী গাজী রায়পুরের হায়দরগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে সয়াবিন
ব্যবসা করে আসছে। মঙ্গলবার বিকালে তিনি ইসলামি ব্যাংক রায়পুর শাখা থেকে
আড়াই লাখ টাকা উত্তোলন করে। পরে তিনি মোটরসাইকেলযোগে হায়দরগঞ্জের
উদ্দেশ্যে রওয়ানা হলে পৌরসভার পূর্বলাচ এলাকার কীর্তনিয়া স্কুলের সামনে
৭-৮ জনের একদল দূর্বৃত্ত সাদা মাইক্রোবাস নিয়ে তার পথরোধ করে। এসময় পুলিশ
পরিচয় দিয়ে তারা নোয়াব আলীর বিরুদ্ধে অভিযোগ আছে বলে গাড়িতে তুলে নিয়ে
যায়। গাড়ির ভিতর তাকে মারধর করে গামছা দিয়ে চোখ, মুখ ও হাত বাধা হয়। পরে
তার কাছ থেকে ওই টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে
রেখে তারা পালিয়ে যায়।যোগাযোগ করা হলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
আবুল কাশেম চৌধুরী বলেন, বিষয়টি আমি অবগত আছি। ক্ষতিগ্রস্থ ব্যক্তি থানায়
এসেছে। তাকে মামলা করার পরামর্শ দেয়া হয়, সে এখন পর্যন্ত কোন লিখিত
অভিযোগ দেয়নি। তাছাড়া এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য পুলিশ
সতর্ক রয়েছে।
পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে তুলেনিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই
