
রায়পুর সংবাদদাতা ঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেয়া আগুনে এক দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। এতে ওই ব্যক্তির দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় বুধবার (২৮ ডিসেম্বর) লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন ক্ষতিগ্রস্থ বাবুলের স্ত্রী পেয়ারা বেগম। এতে প্রতিপক্ষের ৪ জনকে আসামী করা হয়। এলাকার লোকজন ও ক্ষতিগ্রস্থ বাবুল জানায়, উজেলার ৬নং ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামের মোল্লারহাট এলাকার তার বসত ঘরে মঙ্গলবার দিবাগত রাতে কেরোসিন ঢেলে আগুন দেয় প্রতিপক্ষ হানিফ পাটওয়ারীর ছেলে বাবুল ও কাশেম। তাদের সাথে বাবুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে তারা আগুন দিয়ে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে দেয়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলনা।যোগাযোগ করা হলে প্রতিপক্ষ হানিফ পাটওয়ারীকে পাওয়া যায়নি। তবে তার ছেলে বাবুল জানান, এ ঘটনার সাথে তারা জড়িত নয়। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল মতিন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তবে আদালতে এ সংক্রান্ত কোন মামলা হয়েছ কিনা তা তিনি জানাতে পারেনি।