পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী জখম

রায়পুর সংবাদদাতা ঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় লাকী বেগম (২৫) নামের এক গৃহবধূ আজ বুধবার নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠেছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১০নং রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামে। এনিয়ে রায়পুর থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন ওই গৃহবধূ। হাসপাতালে চিকিৎসাধীন কেরোয়া ইউনিয়নের কাজিমুদ্দিন বেপারী বাড়ির লাকী বেগম জানান, তার সাথে রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের মতিনের ছেলে রিকশাচালক মহসিনের (৩৫) সাথে প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে অভাব অনটন ও দাম্পত্য কলহ নিয়ে তাদের মাঝে বিরোধ দেখা দেয়। সম্প্রতি মহসিন এক মেয়ের পরকীয়ায় জড়িয়ে পড়ে। এতে স্ত্রী বাধা দেয়। বুধবার সকালে কথাকাটির এক পর্যায়ে মহসিন স্ত্রীকে লাঠি দিয়ে বেদম পেটায়। এতে তার মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়। এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূর শ্বশুর মতিন সাংবাদিকদের বলেন, 'আমার পুত্রবধুর অভিযোগটি মিথ্যা। তাদের স্বামী-স্ত্রীর ঝগড়ায় মাথায় সামান্য আঘাত পেয়েছে। আমরা এলাকায় বসে বিষয়টি মীমাংসায় বসবো'।   যোগাযোগ করা হলে রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামছুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত নই।