আরএনএন ডেস্কঃ রায়পুরে পুলিশ- শিবির সংঘর্ষের সময়ে আটককৃত ৫ নেতা- কর্মী ১৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছে। একমাস ১০ দিন কারাভোগের পর লক্ষ্মীপুর দায়রা জজ আদালত থেকে তারা এ মুক্তি লাভ করে। ৫ অক্টোবর রায়পুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাদী হয়ে শিবিরের ৩৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে। এর মধ্যে আটকৃত ৫ জনও রয়েছে। লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মইনুল ইসলামের আদালত তাদের জামিনের আদেশ দেন। জামিন প্রাপ্তরা হলেন রায়পুর শহর সভাপতি শামছুল ইসলাম (২৩), মোবারক উল্যা (২২), মেহেদী হাসান উজ্জ্বল (১৯), নাছির উদ্দিন (২৫) ও তানভীর হোসে (১৮)।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল আউয়াল রাসেল মোবাইল ফোনে বলেন, জজ কোর্ট থেকে আমাদের ৫ নেতা-কর্মী জামিনে মুক্ত হয়েছে। এক মাস ১০ দিন তারা কারাভোগ করেছে। আইনিভাবে আমরা মামলাটির মোকাবেলা করেছি।
উল্লেখ্য, জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রায়পুর শহর ছাত্রশিবিরের মিছিলে ৫ অক্টোবর বুধবার থানার মূল ফটকে পুলিশ বাধা দেয়াকে কেন্দ্র করে শিবির- পুলিশের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৬ জন আহত হয়।
