হায়দরগঞ্জ বাজারে ৪ দোকান পুড়ে ছাই, আহত- ৩

রায়পুর সংবাদদাতা: রায়পুর উপজেলার বানিজ্য কেন্দ্র খ্যাত হায়দরগঞ্জ বাজারে এক অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানিরা দাবি করে। আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে আহত হন ৩ জন।রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর ও স্থানীয় ইউপি সদস্য শহিদ উল্যা বিএসসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।জানা গেছে, হায়দরগঞ্জ বালিকা বিদ্যালয় সংলগ্ন রহমান বেডিং থেকে ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে পাশের নিশাদ ট্রেডিং, মনির ষ্টোর ও রেন্টু কামারের দোকানের মালামাল পুড়ে যায়। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল আসলে তারা তোপের মুখে পড়ে।এদিকে আগুন নিয়ন্ত্রনের সময় ৩ জন আহত হয়। তারা হলেন- মনির হোসেন (৩৮), রেন্টু কর্মকার (৪৮) ও রহমান হোসেন (৪০)। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।