সাংবাদিক গৌতম দাসের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে রায়পুরে নানা কর্মসূচি

আরএনএন ডেস্কঃ নির্ভীক সাংবাদিক গৌতম দাসের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে সমকাল সুহৃদ সমাবেশ রায়পুর প্রেস ক্লাব ও স্থানীয় সমাজভিত্তিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। সত্য প্রকাশ করায় ২০০৫ সালের ১৭ নভেম্বর চিহ্নিত সন্ত্রাসীদের হাতে সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস নিহত হন। হত্যাকাণ্ডের ৬ বছর অতিবাহিত হলেও খুনিদের বিচার হয়নি। এদিকে গৌতম দাস হত্যাকাণ্ডের মামলার বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলেও ৫ বছরেও হয়নি বিচার। সাংবাদিকতার এ কালো অধ্যায়ে শোকাহত রায়পুরের সাংবাদিকরা। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে রায়পুর প্রেস ক্লাবে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। রায়পুর প্রেস ক্লাবের সভাপতি এবিএম রিপন, সাংবাদিক আতোয়ার রহমান মনির, মিজানুর রহমান মোল্লা, মাহবুবুল আলম মিন্টু, কাজল কায়েস, কামাল উদ্দিন, সৈয়দ আহাম্মদ, আবদুল লতিফ, মকুল পাটওয়ারী ও তাবারক হোসেন আজাদ ,হারুনুর রশিদ, জহির উদ্দিন ভূঁইয়া, শংকর মজুমদার,এ উপলক্ষে বক্তব্য রাখেন। পরে মহিলা কলেজ রোডে সুহৃদ সমাবেশের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।