লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গাছিরহাট এলাকার লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কে যাত্রীবাহী একটি বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন,চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মনোয়ারা বেগম (৪৮), তাঁর পুত্রবধূ শাহিনুর বেগম (৩০), নাতনি শামীমা আক্তার (১২) ও নাতি শান্ত (২)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,আজ সন্ধ্যায় গাছিরহাটে ফরিদগঞ্জ থেকে চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাস ও রায়পুর থেকে ফরিদগঞ্জগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী মনোয়ারা বেগম, শাহিনুর বেগম ও শামীমা আক্তার নিহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় শান্তকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় বাসের চালক মুঠোফোনে কথা বলছিলেন বলে জানিয়েছেন ওই বাসের যাত্রী কামরুল ইসলাম। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে |
