লক্ষ্মীপুরে মা ইলিশ নিধন চলছেই

লক্ষীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের মেঘনা নদীর রামগতি ও কমলনগর জলসীমার ইলিশ বিচরণের ক্ষেত্রগুলোতে ইলিশ ধরার ক্ষেত্রে চলতি নিষেধাজ্ঞার ১১ দিনের প্রথম দিনেই গতকাল বৃহস্পতিবার তা অমান্য করে নদীতে জাল ফেলার ঘটনা ঘটেছে। নিষেধাজ্ঞা কার্যক্রম বাস্তবায়নে গঠিত টাস্কফোর্সের সংশ্লিষ্ট বাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে বেশকিছু জাল ও ইলিশ মাছ আটক করলেও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি। বিচ্ছিন্ন অভিযানকে অনেকটা দায়সারা মনে করছে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী। এক্ষেত্রে মৎস্য বিভাগের স্থানীয় কর্মকর্তাদের সমন্বয়হীনতা ও দায়সারা মনোভাব লক্ষ্য করা গেছে।
সরেজমিন কমলনগরের লুধুয়া, চরকটরিয়া, চতলা, সাহেবেরহাট, মতিরহাটে প্রকাশ্যে নদীতে মাছ ধরা ট্রলার নিয়ে বের হওয়া, জাল ফেলা ও মাছ ধরা, মাছ ঘাট এলাকায় বিকিকিনির ঘটনা নির্বিঘ্ন দেখা গেছে। রাতের মেঘনা নদী আরও অরক্ষিত পেয়ে অসাধু জেলেদের ইলিশ নিধনের মহোৎসবে নেমে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে কোস্টগার্ড, পুলিশ ঝটিকা অভিযানে বের হলেও বিশাল জলসীমায় তা পুরোপুরি নিয়ন্ত্রণ অর্জিত হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে