হামলায় পঙ্গু হতে চলেছেন রায়পুরের হাছান আলী

মাহাবুবুল আলম মিন্টু, রায়পুরঃ রায়পুর পৌরসভার পূর্বলাছ গ্রামের মোঃ শাহজাহান নামের এক ব্যক্তি নিজেকে অবসরপ্রাপ্ত সেনা নায়েক পরিচয় দিয়ে বৃদ্ধ হাছান আলীর পরিবারকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। জমি সংক্রান্ত বিরোধে নিয়ে একের পর এক ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে এ হয়রানি করছে। শাহজাহান গংদের হামলা-মামলায় পঙ্গু হতে চলেছে হাছান আলী। এ ঘটনায় হাছান আলী গতকাল রায়পুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, জায়গা জমি নিয়ে প্রতিবেশী শাহজাহানের সাথে আমার দীর্ঘদিন বিরোধ চলে আসছে। একারণে আমার ও আমার পরিবারের অন্য সদস্যদের ফাঁসাতে তৎপর হয়ে ওঠে শাহজাহান। তিনি নিজেকে অবসরপ্রাপ্ত সেনা নায়েক পরিচয় দিয়ে প্রশাসন ও এলাকায় প্রভাব বিস্তার করে আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে। মাত্র ৩ বছর সেনাবাহিনীতে চাকুরী করে পালিয়ে আসলেও নিজেকে অবসরপ্রাপ্ত নায়েক দাবি করে এলাকা দাবড়িয়ে বেড়াচ্ছেন। গত ৪ বছর ধরে অসংখ্যবার আমাদের ওপর হামলা চালায় সে ও তার পেটুয়া বাহিনী। তার হামলায় আমি পঙ্গু হতে চলেছি। আমার স্ত্রী জাহানারা বেগম ডান হাত দিয়ে কাজ করতে পারছেন না। তিনি আরো বলেন, আমি বর্তমানে ভূয়া অবসরপ্রাপ্ত সেনানায়েক শাহজাহানের হামলা, মামলা ও হয়রানিতে নিরাপত্তাহীনতায় দিন যাপন করছি। শাহজাহান নিজে ও তার আস্থাবাজন কয়েকজনকে দিয়ে আমাদের বিরুদ্ধে ১২টি মামলা করেন। সে মামলাগুলোর ৯টি আদালত আমার পক্ষে রায় দেন। থানা, পুলিশ সুপার কার্যালয়, ইউএনও কার্যালয়, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে, পৌরসভায় একাধিক অভিযোগ এবং সর্বশেষ আদালতে মিথ্যা মামলা দিয়ে আমার পরিবারকে হয়রানি করে চলেছে। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে পৌর শহরের পূর্বলাছ গ্রামের মোঃ শাহজাহান নিজেকে অবসরপ্রাপ্ত সেনানায়েক দাবি করে বলেন, আমি নায়েক হিসেবে ১৯৭৫-৭৮ সনে ৩ বছর সেনাবাহিনীতে ড্রাইভার পদে কর্মরত ছিলাম। তৎসময়ে মেডিকেল বোর্ড আমাকে আনফিট ঘোষণা করায় আমি চাকুরী ছেড়ে দেই। আমার কোন অবসর ভাতা নেই, কিন্তু আমি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এ পরিচয়ে আমি সর্বত্র ইজ্জত পাই, একারণে এবং পূর্ব বিরোধের কারণে হাছান আলী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।