রায়পুরে অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়

আরএনএন: গ্যাসের দামবৃদ্ধি ও রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজির অজুহাতে অটোরিকশা চালকরা অনিয়ন্ত্রিত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এতে যাত্রী দুর্ভোগ বেড়েছে।
রায়পুর পৌর শহরের থানা সড়ক বাসস্ট্যান্ড, রায়পুর-ফরিদগঞ্জ, রায়পুর-হায়দরগঞ্জ, হায়দরগঞ্জ-হাজীমারা, রায়পুর-কাপিলাতলি, রায়পুর-মীরগঞ্জ ও হাজীমারা-বটতলী স্ট্যান্ড রোডে প্রায় ৬ হাজার বাস ও সিএনজি চলাচল করছে। এসব সড়কে সিএনজি চালকরা তাদের ইচ্ছামতো ভাড়া আদায় করছে। মালিক সমিতির নামে তোলা এ টাকা বিএনপি ও শাসক দলের নেতাসহ, ক্যাডার ও শ্রমিক নেতাদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়। এদিকে সন্ধ্যার পরেই যাত্রীদের জিম্মি করে ২৫০ থেকে ৩০০ টাকা রিজার্ভ ভাড়া আদায় করছে চালকরা। এ ব্যাপারে প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি। চালকদের সঙ্গে আলাপকালে জানা যায়, গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় জনপ্রতি ৫ থেকে ১০ টাকা ভাড়া বেড়েছে। রাস্তার মোড়ে মোড়ে একটি চক্র প্রতিদিন চাঁদাবাজি করছে। এসব কারণে সিএনজি ভাড়া বৃদ্ধি করা হয়েছে। হায়দরগঞ্জ মডেল কলেজের বাংলা প্রভাষক মোঃ মোস্তফা কামাল বলেন, রায়পুর থেকে হায়দরগঞ্জ স্টেশনে সিএনজি ভাড়া দিনদিন বাড়ছে। ভাড়া নিয়ে যাত্রী-চালকদের মাঝে প্রতিদিন হাতাহাতির ঘটনা ঘটছে। এ ব্যাপারে রায়পুর অফিস সূত্রে জানা যায়, ভাড়া নিয়ন্ত্রণে ট্রাস্ট কমিশন গঠিত হচ্ছে। আইন হলেই মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ঢাকা-ফেনী, নোয়াখালী, রায়পুর আন্তঃজেলা বাস ও সিএনজি মালিক সমিতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হোসেন চৌধুরী দুলাল বলেন, পরিবহন সেক্টরে চাঁদা তুলে তা সেক্রেটারির মাধ্যমে বাস স্টাফ শ্রমিকদের কল্যাণে ব্যয় হয়। রায়পুর থানার ওসি রতনকৃষ্ণ নাথ বলেন, চাঁদা তোলা হচ্ছে এ কথা ঠিক নয়। সিএনজি মালিক পক্ষের লোকজন জিপি তুলছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে তিনি বলেন, শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।