কফিল উদ্দিন ডিগ্রী কলেজ থেকে ছাত্রদলের নেতাকর্মীদেরকে পিটিয়ে বের করে দিয়েছে ছাত্রলীগ

আরএনএন ডেস্কঃ সোমবার বেলা ১১ টার সময় লক্ষ্মীপুর সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রী কলেজ থেকে ছাত্রদলের নেতাকর্মীদেরকে পিটিয়ে বের করে দিয়েছে কলেজে একক আধিপত্য বিস্তারকারী দল ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের হামলায় ১ম বর্ষের ছাত্র রুবেল ও মনির নামে ছাত্রদলের ২ কর্মী আহত হয়। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষনিক কলেজ ছুটি ঘোষনা করে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রদলের কলেজ শাখা সভাপতি শামীম জানায়, সকালে ছাত্রদল সমর্থক কয়েকজন ছাত্র কলেজে ক্লাস করতে গেলে প্রথমে তাদেরকে ক্লাস করতে দেয়নি ছাত্রলীগ। পরে ছাত্রলীগ দলবদ্ধ হয়ে লোহার রড নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে আমাদের ২ কর্মীকে পিটিয়ে আহত করে। ছাত্রলীগ কলেজ শাখা সভাপতি আনছার উদ্দিন জানায়, ছাত্রদলের কাউকে কলেজ থেকে বের করা হয়নি। কতিপয় বহিরাগত কলেজে প্রবেশ করলে আমরা তাদেরকে বের করে দিয়েছি। এ ব্যাপারে কলেজের উপাধ্যক্ষ সরকার জোবায়েদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কলেজ ছুটি দিয়ে দিয়েছি এখন পরিস্থিতি শান্ত রয়েছে।