রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ দু'দিনেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারায় পরিবারের সদস্যরা শঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে পুলিশ রবিবার ১১ সেপ্টেম্বর দুপুরে অপহরণ মামলার আসামি মাসুদকে পৌর শহরের কালাজিবাড়ি থেকে গ্রেফতার করেছে।
পৌর শহরের কালাজিবাড়ির রমজান আলীর বখাটে ছেলে মাসুম দীর্ঘদিন থেকে স্কুলে আসা-যাওয়ার পথে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। বিষয়টি তার পরিবারকে জানানো হলে ক্ষিপ্ত হয়ে বখাটে ও তার সহযোগীরা শনিবার দুপুরে ওই ছাত্রীকে পৌরসভার কাছ থেকে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে ছাত্রীর বাবা সহিদউল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে আসামি করে মামলা করেন। সদর থানার ওসি রেজাউল করিম জানান, অপহৃতাকে উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
